সিনেমার প্রিমিয়ারে পরিচালককে জুতা মারলেন অভিনেত্রী

সিনেমার প্রিমিয়ারে পরিচালককে জুতা মারলেন অভিনেত্রী

কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখখচিত লকেট পরে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী রুচি গুজ্জর। এবার তিনি খবরে উঠে এলেন আরেক বিতর্কিত ঘটনার কারণে। মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা ‘সো লং ভ্যালি’র স্পেশাল স্ক্রিনিং চলাকালে প্রকাশ্যে চড়াও হন প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে রুচি গুজ্জর প্রযোজক করণকে জুতা দিয়ে মারছেন। ভিডিওতে আরও দেখা যায়, তার সঙ্গে উপস্থিত একদল বিক্ষোভকারী হাতে করণ ও মান সিংয়ের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ধরে স্লোগান দিচ্ছেন। প্ল্যাকার্ডে লাল ক্রস চিহ্ন আঁকা ছিল।

রুচির অভিযোগ, প্রযোজক করণ সিং চৌহান তাঁর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে প্রতারণা করেছেন। ২০২৩ সালের জুলাই মাসে করণ তাঁকে একটি হিন্দি ধারাবাহিকের সহপ্রযোজক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেন, যা সোনি টিভিতে সম্প্রচারিত হবে বলে জানানো হয়।

এরপর রুচির প্রতিষ্ঠান ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ থেকে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক দফায় অর্থ পাঠানো হয়। কিন্তু সেই ধারাবাহিকের কাজ শুরু হয়নি। রুচির অভিযোগ, ধারাবাহিকের বদলে তাঁর অর্থ খরচ হয়েছে ‘সো লং ভ্যালি’ সিনেমার প্রযোজনায়। টাকা ফেরত চাইলে করণ সিং চৌহান তাকে হুমকি দিতে থাকেন বলেও দাবি করেন তিনি।

রুচি জানান, আমি যখন জানতে পারি ছবিটি ২৭ জুলাই মুক্তি পাচ্ছে, তখন আবার করণকে অর্থ ফেরতের অনুরোধ করি। তখন থেকে হুমকির মাত্রা আরও বাড়ে।

এই ঘটনায় রুচি গুজ্জর মুম্বাইয়ের আম্বোলি থানায় ২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে করণ সিং চৌহানের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার সঙ্গে ব্যাংক লেনদেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণও জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে করণ সিং চৌহানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলিউডে সিনেমার প্রিমিয়ারে এ ধরনের প্রকাশ্য ঘটনার পর বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়ায় এই অভিযোগের কী পরিণতি হয়।

 

All Categories