শেষ মূহুর্তেও বিল পাশে ব্যর্থ, ফের শাটডাউনের মুখে যুক্তরাষ্ট্র
অর্থবছরের শেষ দিনেও প্রশাসনের ব্যয়সংক্রান্ত বিল নিয়ে একমত হতে না পারায় যুক্তরাষ্ট্রের সেনেটে বিলটি পাস হয়নি। ফলে নতুন অর্থবছরের শুরুতেই দেশটির সরকার শাটডাউনের মুখে পড়তে যাচ্ছে।
মঙ্গলবার রাতে সেনেটে বিলের পক্ষে ৫৫ ভোট পড়লেও প্রয়োজনীয় ৬০ ভোট মেলেনি। এর ফলে সরকারি তহবিল থেকে অর্থ ছাড় স্থানীয় সময় বুধবার শুরুর রাত থেকেই বন্ধ হয়ে যাওয়ার কথা। এতে জরুরি সেবা ছাড়া অন্য সব সরকারি কার্যক্রম স্থবির হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
২০১৮-১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন হয়েছিল। এবারও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শাটডাউন হলে ফেডারেল সরকারে ‘অপরিবর্তনযোগ্যভাবে’ কর্মী ছাঁটাই করা হবে। ইতিমধ্যে বাজেট অফিস বিভিন্ন সংস্থাকে জনবল হ্রাসের পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে।
হোয়াইট হাউস তাদের ওয়েবসাইটে শাটডাউনের কাউন্টডাউন ঘড়ি চালু করেছে। সেখানে এটিকে ‘ডেমোক্র্যাট শাটডাউন’ বলে উল্লেখ করা হয়েছে। তবে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই একে অপরকে দায়ী করছে।
১৯৮০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ বার ফেডারেল শাটডাউন হয়েছে। বেশির ভাগই ছিল স্বল্পমেয়াদি। রোনাল্ড রিগ্যানের প্রেসিডেন্সির সময় আটবার শাটডাউন হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে বড়দিনের ছুটির ঠিক আগে কংগ্রেস তড়িঘড়ি করে অর্থ বিল পাস করে শাটডাউন এড়িয়েছিল।
বিশ্লেষকদের মতে, এবারও সমঝোতায় পৌঁছানো না গেলে লাখো মার্কিন নাগরিক সরকারি সেবা ব্যাহত হওয়ার ভোগান্তি পোহাতে পারেন।