শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ অভিধা ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁর মতে, একজন শিল্পীর নামের আগে এমন বিশেষণ জুড়ে দেওয়া অহেতুক বাড়াবাড়ি। তিনি বলেন, ‘মেগাস্টার শব্দটা কানে লাগে।’
সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া নিজের অভিনীত সিনেমা উৎসব নিয়ে এক অনলাইন টক শোতে অংশ নেন জাহিদ হাসান। সেখানে শাকিব খান অভিনীত তাণ্ডব–এর সঙ্গে উৎসব–এর বক্স অফিস সাফল্যের তুলনামূলক আলোচনার মধ্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাটিকে আলাদা করে দেখা হয় কেবল শাকিব খানের জন্য। তাকে শাকিব খান বলা হয় না, বলা হয় মেগাস্টার শাকিব খান। অন্যদের শুধু চিত্রনায়ক বলা হয়। কেন বলা হয়, সেটা বুঝি না। তিনি তো একজন অভিনেতা। তাঁকে আগেভাগে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। এটা তাঁর জন্য ভালো না খারাপ, জানি না। তবে আমার কানে লাগে।
শেক্সপিয়রের একটি উক্তি উদ্ধৃত করে জাহিদ হাসান বলেন, কোনো কিছু হওয়া বড় ব্যাপার না, হয়ে থাকাটা বড় ব্যাপার।” এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তাণ্ডব অনেক হলে মুক্তি পেয়েছে, কিন্তু সেগুলোর অনেকটিতেই এখন চলছে না। এটা অপমানজনক। যতটা বিনয়ের সঙ্গে এগোনো যায়, ততটাই ভালো।
ঈদে মুক্তি পাওয়া প্রতিটি সিনেমাকেই নিজেদের সিনেমা মনে করার আহ্বান জানান জাহিদ হাসান। তাঁর ভাষায়, ‘তাণ্ডব, উৎসব, এশা মার্ডার, নীলচক্র বা ইনসাফ—সবই তো আমাদের সিনেমা। আমরা চাই প্রতিটি সিনেমা ভালো করুক। সিনেমা ভালো হলে দর্শক বাড়বে। আমি মন থেকে চাই দর্শক সব সিনেমা দেখুক।