শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪.৫ কেজি স্বর্ণসহ একজন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম ইয়াং ডন সেউ (৪৩)। তিনি গতরাতে আটক হন।
রবিবার (৪ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এনবিআর জানায়, ইয়াং ডন সেউ মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট নম্বর-এমএইচ-০১৯৬-এ কুয়ালালামপুর থেকে ঢাকা আসেন। তার কাছে মোট ৯টি স্বর্ণবার ছিল, যার মধ্যে ৪টি ১ কিলোগ্রাম ওজনের এবং ৫টি ১০০ গ্রাম ওজনের। ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ তাকে আটক করে।
এনবিআর আরও জানায়, আটককৃত স্বর্ণের মোট ওজন ৪.৫ কিলোগ্রাম। ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার পর সন্দেহভাজন যাত্রীকে নজরদারিতে রাখা হয়। যাত্রীরা বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর গ্রিন চ্যানেল-১ অতিক্রমকালে তাকে আলাদা করে তল্লাশি করা হলে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
এনবিআর জানায়, স্বর্ণের বারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো ছিল। এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট, যার বাজার মূল্য আনুমানিক আট কোটি টাকা।