সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপির সিনিয়র নেতা আব্দুল হাই (৭৭) মারা গেছেন। তিনি সাবেক উপমন্ত্রী, সাবেক প্যানেল স্পিকার এবং বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার এবং বিএনপির মিডিয়া সেল।

পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৪টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা এবং সন্ধ্যার পর মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে তৃতীয় জানাজা হবে। রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

আব্দুল হাই ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার বাবা মনির উদ্দিন একজন ব্যবসায়ী। তার স্ত্রী জামিলা খাতুন এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার ছোট ভাই মহিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব ছিলেন।

তিনি মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বিএ ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে কাজ করেছেন।

১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে তার সংসদীয় রাজনীতির শুরু হয়। তিনি পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট চারবার সংসদ সদস্য নির্বাচিত হন, যার মধ্যে মুন্সীগঞ্জ-৪ আসনের (বিলুপ্ত) প্রতিনিধিত্ব করেন।

পঞ্চম জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং অষ্টম জাতীয় সংসদে প্যানেল স্পিকার নির্বাচিত হন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কোষাধ্যক্ষসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন।

All Categories