Oct 15, 2026
শাই হোপ ছাড়া ঢাকা সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

শাই হোপ ছাড়া ঢাকা সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের, যদিও হাতে বাকি থাকা দুটি টেস্ট জিতলে তাদের পক্ষে কিছুটা সম্মান রক্ষা করা সম্ভব। ২০২৫-২৭ চক্রে ১২টি টেস্ট খেলে ক্যারিবীয়দের জয় মাত্র দুটিতে। তাই বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজটি তাদের জন্য মুখ রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দারুণ ফর্মে থাকা শাই হোপকে। একইসাথে পেসার আলজারি জোসেফকেও তার ওয়ার্ক লোডের কারণে বাংলাদেশ সফরের বাইরে রাখা হয়েছে।

গতকাল বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহাম। রোস্টন চেজের অধিনায়কত্বে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দলের কোচ ড্যারেন স্যামি। তিনি বলেন, ‘এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে আমরা নিজেদের কিছু লক্ষ্য স্থির করেছিলাম, যার মধ্যে একটি ছিল র‍্যাঙ্কিংয়ের প্রথমার্ধে শেষ করা। এই সিরিজটি জিতলে আমরা সেই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছাতে পারব। বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা বেশ চ্যালেঞ্জিং হবে এবং আমরা তার জন্য প্রস্তুত।’

ভারতে টি২০ সিরিজ শেষ করার পর এই রোববার ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। বসুন্ধরার মাঠে ২২ অক্টোবর থেকে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর মিরপুরে প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর; সিলেটে দ্বিতীয় টেস্টে দুই দল মুখোমুখি হবে ৫ নভেম্বর থেকে।

ওয়েস্ট ইন্ডিজের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়টি ম্যাচ খেলে তিনটি জয় এবং একটি ড্র নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট সিরিজ রয়েছে। এই চারটি টেস্ট জিততে পারলে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা বাড়বে। এর বাইরে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুটি টেস্ট খেলার সূচিও রয়েছে। এই ছয়টি টেস্টের প্রস্তুতির জন্য আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত সদস্যদের রাখা হয়েছিল। তবে আবুধাবি টেস্ট ড্র হওয়ায় দলের ফিল্ডিং দুর্বলতা প্রকাশ পেয়েছে।

এই টেস্টে সেঞ্চুরি করার পর টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে লিটন দাসের তিন ধাপ উন্নতি হয়েছে, বর্তমানে তিনি ২৯তম স্থানে আছেন। তবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম এক ধাপ করে পিছিয়েছেন। শান্ত ২১ নম্বরে এবং মুশফিক ১৮ নম্বরে রয়েছেন। তানজিদ তামিম ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে অবস্থান করছেন। বোলিংয়ে হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে ৩৮ নম্বরে রয়েছেন।

বাংলাদেশি ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মের কথা উল্লেখ করে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, তাঁর দল সিরিজ জিততে প্রস্তুত। স্কোয়াডে পেস বোলিং ইউনিটে কেমার রোচ, জয়ডেন সিলস ও শামার জোসেফ ছাড়াও সিম-বোলিং অলরাউন্ডার পল ও জাস্টিন গ্রিভস রয়েছেন। স্পিন আক্রমণে দুই বিশেষজ্ঞ বিকল্প হিসেবে জোমেল ওয়ারিকান ও জোশুয়া বিশপের সঙ্গে অলরাউন্ডার হিসেবে কাভেম হজ ও অধিনায়ক রোস্টন চেজ রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জোশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, টেজনারায়ণ চন্দরপল, জোশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জয়ডেন সিলস ও কেভিন উইকহাম।

All Categories