পোর্টসমাউথের বিপক্ষে জোড়া হলুদে লাল কার্ড হামজার, শেফিল্ডের হার
বুধবার রাতে চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছে শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে হামজা চৌধুরী লাল কার্ড দেখেন, ফলে পরবর্তী ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলের।
ফ্রাটন পার্কে অনুষ্ঠিত ম্যাচে হামজা দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ৩৩ মিনিটে রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করার জন্য প্রথম হলুদ কার্ড পান হামজা। দশ মিনিট পর আবারও কাভুমার সঙ্গে একটি চ্যালেঞ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।
প্রথম হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যান এবং এরপর হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর শেফিল্ড ইউনাইটেড ২-২ সমতা ফিরিয়ে আনলেও ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে ৩-২ ব্যবধানে হেরে যায়।
লাল কার্ড দেখার কারণে হামজা পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান খেলোয়াড়। শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডার খেলতে পারবেন না।
শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার দাবি করেছেন, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন যে তাকে মাঠ ছাড়তে হবে না, পরে সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।