শাহজালালে বাতিল ১০৩ ফ্লাইট, সৌদিগামী প্রায় ১৬ হাজার যাত্রী অনিশ্চয়তায়

ফ্লাইট বাতিলের কারণে সৌদি আরবে কর্মস্থলে ফেরার উদ্বেগে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইনসের মোট ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে ১৫ হাজার ৭৭৯ যাত্রী বিপাকে পড়েছেন।

এই ভোগান্তির শিকার টাঙ্গাইলের দেলদুয়ারের সৌদি প্রবাসী বাবলু ভূঁইয়া। তিনি সৌদি আরবের দাম্মামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাত বছর ধরে কর্মরত। ১৪৫ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার সৌদি আরবে ফেরার কথা ছিল তাঁর। এ জন্য তিনি গ্রামের বাড়ি থেকে ঢাকার বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তিনি অনিশ্চয়তায় পড়েছেন।

আজ সকাল ১১টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর ৬৪১ ফ্লাইটে দোহা হয়ে দাম্মামে যাওয়ার কথা ছিল বাবলুর। ফ্লাইট ছাড়ার প্রায় তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছে তিনি জানতে পারেন, তাঁর ফ্লাইট বাতিল হয়েছে। এরপর বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ২ নম্বর গেটের ড্রাইভওয়ে এলাকায় বসে চিন্তায় মগ্ন ছিলেন তিনি।

বাবলু জানান, তিনি গত ২ সেপ্টেম্বর ছুটিতে দেশে এসেছিলেন। ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য আজ বিমানবন্দরে আসেন। সেখানে পৌঁছানোর পর কাতার এয়ারওয়েজের কর্মীরা তাঁকে ফ্লাইট বাতিলের বিষয়টি জানান এবং ভিসার বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে বলেন। এখন তিনি ফ্লাইট বাতিলের বিষয়টি কোম্পানিকে জানানোর চেষ্টা করছেন।

ফ্লাইট বাতিল হওয়ায় বাবলুর ছেলে রায়হানও বিপাকে পড়েছেন বলে জানান বাবলু।

আজ বিমানবন্দরে যাত্রী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবলুর মতো সৌদি আরবগামী বিভিন্ন ফ্লাইটের শত শত যাত্রী ভোগান্তিতে রয়েছেন। ফ্লাইট বাতিলের কারণে অনেকেই কর্মস্থলে ফেরার বিষয়ে উদ্বিগ্ন।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ জানান, আজ বেলা ২টা পর্যন্ত সৌদিগামীসহ বিভিন্ন এয়ারলাইনসের আরও তিনটি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩টিতে, যার ফলে ১৫ হাজার ৭৭৯ যাত্রী বিপাকে পড়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের রিয়াদসহ কয়েকটি স্থানে হুতিদের বোমা হামলার ঘটনা অব্যাহত থাকলেও বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ওমরাহযাত্রীদের যাত্রা চলছে।

বিমানবন্দরে কয়েকজন ওমরাহযাত্রী বলেন, আল্লাহর নামে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন তাঁরা এবং তাঁদের বিশ্বাস, মহান সৃষ্টিকর্তা আল্লাহই তাঁদের হেফাজত করবেন।

All Categories