জেলেনস্কির অভিযোগ: যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে

ক্রেমলিন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মস্কোর দক্ষিণে একটি তেল শোধনাগারে ইউক্রেন বড় আকারের হামলার চেষ্টা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চারটি ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন প্রতিহত করা হয়েছে এবং পতিত ধ্বংসাবশেষে রিয়াজানে স্থাপনাটিতে আগুন লেগেছে। জেলেনস্কি জানান, গত একদিনে ইউক্রেনের কয়েক ডজন শহরে রুশ হামলা হয়েছে।
বুধবার রাতে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার বোধ করছেন। এর আগে ওয়াশিংটন সমর্থনের মূল কিছু উপাদান প্রত্যাহার করেছে বলে মনে হয়েছিল।

জেলেনস্কি বুধবার লন্ডন সফর করেন। সফরে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠকও হয়। বার্নহাম ঘোষণা দেন, কিয়েভে হালকা বহুমুখী ক্ষেপণাস্ত্র সরবরাহ ত্বরান্বিত করবে যুক্তরাজ্য। ইউরোপীয় নেতারাও জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার পরে ব্রাসেলসে তাদের শীর্ষ সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করলেই কেবল তিনি রুশ তেল অবকাঠামোতে হামলা থামাবেন। কিয়েভের মতে, এসব হামলা রাশিয়ার যুদ্ধযন্ত্রের রাজস্বের উৎস কেটে দিতে অপরিহার্য। ইরান যুদ্ধে মজুত ফুরিয়ে যাওয়ার পর থেকে ইউক্রেন মার্কিন তৈরি এ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রতিপক্ষরা ইউক্রেনীয় কর্মকর্তাদের জানিয়েছেন, আপনারা হামলা না থামালে আমরা গোয়েন্দা তথ্য আটকে দেব।

ইউক্রেনের সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা গড়তে রুশ আকাশ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কবার্তার ওপর নির্ভর করে, যা সফল হামলার সংখ্যা সীমিত করে। পুরো যুদ্ধপ্রচেষ্টায় ব্যবহৃত হয় স্টারলিংক ইন্টারনেট আপলিংকও।

স্টারলিংক সেবা ধীর হওয়ার পেছনে কারিগরি ত্রুটির ইঙ্গিত মিলেছিল। তবে মালিক ইলন মাস্ক তা অস্বীকার করেন বলে মনে হয়েছে। তিনি এর জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করার ইঙ্গিত দেন। ট্রাম্প গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধের কথা অস্বীকার করেছেন। জেলেনস্কি বলেন, এটি কারিগরি সমস্যা ছিল না, এটি ছিল ইচ্ছা।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, স্টারশিল্ড সেবা, অর্থাৎ স্টারলিংকের সামরিক সংস্করণ, পুনরুদ্ধার করা হয়েছে। তারা জানায়, গতকালের নিষেধাজ্ঞার কারণ ও পরিস্থিতি স্পষ্ট করার কাজ কর্মকর্তারা এখনও করছেন।

সাম্প্রতিক সময়ের তুলনায় আরও চ্যালেঞ্জিং সুরে তিনি বলেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরাচারী নেতাদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের পক্ষপাত আছে। তার ভাষ্য, গত সপ্তাহের ঘটনার পর যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্ক মেরামতের দায়িত্ব তার নয়। তিনি বলেন, আমরা কোনও সম্পর্ক ধ্বংস করিনি।

দুই নেতার মধ্যে আগেও টানাপোড়েন হয়েছে। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর ওভাল অফিসে দুজনের উত্তপ্ত বৈঠক হয়, যেখানে ট্রাম্প ইঙ্গিত দেন, শান্তিচুক্তির প্রধান বাধা জেলেনস্কি।

এরপর জেলেনস্কি কূটনৈতিক সতর্ক পথে হেঁটেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার চুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছেন, তবে শান্তিচুক্তির শর্ত যে ন্যায্য হতে হবে, সে কথাও জোর দিয়ে বলেছেন। গত সপ্তাহে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে ৩ লাখ টন ডিজেল ছাড়ার চুক্তি হয়। এটিকে তিনি সমালোচনা করে বলেছেন, এতে যুক্তরাষ্ট্র কার্যত রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টায় বিনিয়োগ করছে।

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টা ছিল ওই চুক্তি। ইরান যুদ্ধের রাজনৈতিক পরিণতি সামলাতে কয়েক মাস লড়ার পর এ উদ্যোগ। ওই যুদ্ধে পেট্রল, বিশেষ করে ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা মার্কিন জনগণের কাছে তার অবস্থান ক্ষুণ্ন করেছে।

জেলেনস্কি বলেন, প্রশ্ন হবে পরের চুক্তি কবে? হয়তো গ্যাস নিয়ে হবে। নিশ্চিতভাবেই গ্যাস নিয়ে হবে। রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ায় জেলেনস্কি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ব্যাঘাত কাকতালীয় নয়।

স্টারলিংক স্যাটেলাইটের উচ্চগতির ইন্টারনেট ইউক্রেনীয় সামরিক বাহিনী ড্রোন চালনা এবং সম্মুখ সারির সঙ্গে যোগাযোগে ব্যবহার করে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, আপলিংকে গতিসীমা আরোপের আগে তাদের সতর্ক করা হয়নি। এর সহযোগী সেবা স্টারশিল্ড মার্কিন প্রতিরক্ষা বিভাগের (ডিওডি) চুক্তির আওতায় দেওয়া হয়।

মাস্ক অস্বীকার করেছেন যে ব্যবস্থাটির ওপর নিষেধাজ্ঞার দায় তার প্রতিষ্ঠান স্পেসএক্সের। তিনি ইঙ্গিত দেন, গতি কমানোর জন্য মার্কিন সরকার দায়ী হতে পারে। বুধবার তিনি লেখেন, ব্যবস্থাগুলোর মালিকানা ও নিয়ন্ত্রণ মার্কিন সরকারের এবং গতি বা ব্যবহারের যেকোনও সীমা ঠিক করে মার্কিন সামরিক বাহিনী ও শেষ পর্যন্ত ট্রাম্প। বিষয়টিতে মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন।

All Categories