পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ মোট ২৮ জনের মৃত্যু
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষিকা রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ১৯ জন।
বৃহস্পতিবার পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আল খায়ের স্কুলে এই দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ছাদের নিচে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে এবং এখন পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক উজির বলেন, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিল।
খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ উদ্ধারকাজ তদারকির জন্য পেশোয়ারের সিসিপিওকে নির্দেশ দিয়েছেন। নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে ‘গ্রিন করিডোর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।