উত্তরায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে চলা এই অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানান, কয়েকটি কারখানার শ্রমিক জড়ো হয়ে বিচ্ছিন্নভাবে সড়ক আটকে রাখেন; তাদের কোনো প্রতিনিধি ছিল না। একপর্যায়ে কয়েকটি গাড়িতে হামলা ও পুলিশকে ধাওয়া করা হলে পুলিশ পাল্টা ধাওয়া দেয় এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তারা বলছেন, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, আর দাবি পূরণে কার্যকর উদ্যোগ না থাকায় বারবার রাস্তায় নামতে হচ্ছে।

এর আগে গত সোমবার ও বুধবারও একই দাবিতে উত্তরার আজমপুর ও রাজলক্ষ্মী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। বুধবারের অবরোধেও কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়েছিল।

All Categories