দেশে ডেঙ্গুতে একদিনে আরও ১০ প্রাণহানি, মোট মৃত্যু ৩৩১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, যা মোট প্রাণহানিকে ৩৩১ জনে পৌঁছে দিয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৩২ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১৫১ জন, খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বর মাসজুড়ে ১৪৮ জনের প্রাণহানি ঘটে। অক্টোবরের প্রথম ১৫ দিনে সারাদেশে ডেঙ্গুতে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।

All Categories