দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ ইআর’-এর সফল পরীক্ষা পাকিস্তানের
হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এতে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও অত্যাধুনিক অ্যাভিওনিকস যুক্ত করা হয়েছে।
বিবৃতি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির বিশেষ গতিপথ ও উড্ডয়নের মধ্যে দিক বদলের সক্ষমতা রয়েছে, যার ফলে এটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। বর্ধিত পাল্লার এই সংস্করণ দূরবর্তী লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা ও সামরিক কার্যপরিসর আরও বাড়াবে বলে দাবি সেনাবাহিনীর।
উৎক্ষেপণের সময় আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির ও তিন বাহিনীর প্রধানরা।
এর আগে গত সপ্তাহে পাকিস্তান ফাতাহ-৪ স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায়। গত মে মাসেও ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছিল দেশটি।