ডাল রান্নার আগে মেনে চলুন এই টিপস, গ্যাসের সমস্যা হবে কম
ডাল খাওয়ার পর অনেকের গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। এর কারণ হলো ডালে থাকা ‘রাফিনোজ’ নামক জটিল কার্বোহাইড্রেট, যা সহজে ভাঙে না। এই কার্বোহাইড্রেট অন্ত্রে পৌঁছালে ব্যাকটেরিয়া সেগুলোকে ফার্মেন্ট করে, ফলে গ্যাস উৎপন্ন হয়। এছাড়া ডালে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে, যা হজমের জন্য উপকারী হলেও হঠাৎ বেশি ফাইবার খেলে পেট ফাঁপা ও বদহজমের সমস্যা হতে পারে।
ডালে ‘লেকটিন’ ও ‘ফাইটেটস’ নামক অ্যান্টি-নিউট্রিয়েন্টস রয়েছে, যা ডাল সঠিকভাবে সিদ্ধ না হলে হজমে বাধা সৃষ্টি করে। এই অ্যান্টি-নিউট্রিয়েন্টস শরীরে প্রবেশ করলে পেটে অস্বস্তি তৈরি হয়। ডালে উদ্ভিজ্জ প্রোটিনও থাকে, যা হজমশক্তি দুর্বল হলে হজম করা কঠিন হয়ে যায় এবং গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়।
গ্যাস ও পেট ফাঁপার সমস্যা এড়াতে ডাল ভালো করে ধুয়ে রান্না করা উচিত। ডাল কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে অ্যান্টি-নিউট্রিয়েন্টসগুলো বের হয়ে যায় এবং ডাল সহজপাচ্য হয়ে ওঠে। ডাল ভিজিয়ে রেখে রান্না করলে বদহজমের সমস্যা কমে যায়।
'এই সময়'-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুগ ডাল, লাল মসুর ও অড়হর ডাল ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো। খোসা-সহ মুগ, খোসা-সহ বিউলির ডাল ও ছোলার ডাল ২-৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। রাজমা, কাঁচা ছোলা ও কাবলি ছোলা প্রায় ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।