বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

বলিউড অভিনেতা ইমরান খানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পর আমির খানের এই ভাগ্নে নোটিশটি পান।

বিক্ষোভস্থল থেকে আমির খানের ভাইঝি জায়ন মারি ও তার সঙ্গীদের সঙ্গে ‘জানে তু... ইয়া জানে না’ খ্যাত এই অভিনেতাকেও আটক করেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইমরান খান মার্কিন পাসপোর্টধারী বিদেশি নাগরিক। ওসিআই (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া) কার্ড থাকলেও সরকারবিরোধী রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ায় ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে বিজেপির সাবেক সাংসদ কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন, বিদেশি নাগরিক হিসেবে ইমরান খান এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দিতে পারেন কি না। সামাজিক মাধ্যমে তিনি অভিনেতাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবিও জানান।

আটক হওয়ার সময় সাংবাদিকদের ইমরান বলেছিলেন, তার কোনো রাজনৈতিক দাবি নেই, কোনো সংগঠন বা দলের প্রতিনিধি হয়েও তিনি যাননি। মুম্বাইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি দেখতে গিয়েছিলেন কেন মানুষের চলাফেরার স্বাধীনতা সীমিত করা হচ্ছে।

পুলিশ ভ্যান থেকে মজা করে ‘একটু ড্রাইভে যাচ্ছি’ লিখে ছবি পোস্ট করা এই অভিনেতা দেশ ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন কি না, সেদিকে নজর এখন বলিউড ও নেটিজেনদের।

All Categories