বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে মধ্যরাতে আগুন, ভিডিও দেখে শনাক্তের চেষ্টা

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী জেলা কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দলের জেলা আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ জানান, একটি ভিডিওতে দেখা গেছে তিন যুবক কার্যালয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে, আরেকজন পুরো ঘটনা মোবাইলে ধারণ করছে। অন্ধকারের কারণে তাদের চেহারা শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে নেতাকর্মীরা ঘটনাটি জানতে পারেন।

তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেলা এনসিপির সদস্য সচিব সুলতান মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনও সক্রিয়, তারাই এমন ঘটনা ঘটাতে পারে। তবে এখনই নির্দিষ্ট কারও নাম বলা কঠিন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে জড়িতদের গ্রেফতার করা হবে।

All Categories