রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্রগোষ্ঠী হুথি। হামলার ফলে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়।
হামলার পর হুথিরা দাবি করেছে, তারা ওই ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন হুথিবিরোধী জোটও হুথিদের এই দাবিটি স্বীকার করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, তবে সেটি শনাক্ত করে আগেভাগে প্রতিহত করা সম্ভব হয়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতে আগুন জ্বলতে দেখা যায়। সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর লোগোযুক্ত একটি জ্বালানি ট্যাংকের আগুন পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে ফেলেন।
এ ঘটনার একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে, যা যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে এএফপি।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে দাবি করেছেন, সৌদি আরবের বিমানবাহিনী শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রিয়াদ শহরের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের সাম্প্রতিক হামলার জবাবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে দুটি সফল সামরিক অভিযান চালানো হয়েছে।
তুর্কি আল-মালিকি আরও বলেন, হুতিরা সৌদি আরবের বিশা, তাইফ, ফারাসান ও ইয়ানবুতে সাধারণ লোকজন এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করেছিল, তবে সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেসব হামলা ব্যর্থ করে দিয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতিরা খুব অল্প সময়ের অভিযানে ইয়েমেনের বিশাল এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দেশটির সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, যার প্রভাব সৌদি আরবেও পড়েছে। দেশটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে হুতিরা।