রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগে বাধ্য করার মামলায় গ্রেফতার ১
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হকের কার্যালয়ে ঢুকে তাকে হেনস্তা এবং জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আব্দুস সামাদ (৫৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে রাজপাড়া থানায় অভিযোগটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার গাজীউর রহমান বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে আব্দুস সামাদকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হচ্ছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপাচার্যের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ ওঠে। উপাচার্য জাওয়াদুল হক অভিযোগ করেন, রাজনৈতিক মদতপুষ্ট কিছু স্থানীয় ঠিকাদার ও বহিরাগত হঠাৎ তার কার্যালয়ে ঢুকে পড়ে। স্থানীয়দের বাদ দিয়ে ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে তারা তাকে 'আওয়ামী লীগের দালাল' বলে স্লোগান দেয়। একপর্যায়ে জোর করে পদত্যাগপত্রে সই নিয়ে তাকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়।