পাবনায় মুখোমুখি দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের
পাবনা সদর উপজেলার জালালপুরে দুটি মোটরসাইকেলের সরাসরি ধাক্কায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ৮টায় গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মৃতদের একজন নয়ন মিয়া। তিনি শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে। অন্যজন সেলিম মাহমুদ, তাঁর বাবার নাম প্রয়াত মোজাফফর হোসেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জালালপুর থেকে গয়েশপুরগামী সড়কে অতি দ্রুতগতিতে চলা মোটরসাইকেল দুটির মধ্যে সংঘর্ষ বাধে। চারজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত বলে জানান। বাকি দুজনের চিকিৎসা চলছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।