প্যারিসের সেতুতে স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগিয়ে এলেন মেহজাবীন

প্যারিসের সেতুতে স্বামীর নামে ‘প্রেম তালা’ লাগিয়ে এলেন মেহজাবীন

প্যারিসের মন্টমার্ত্রে যেনো এক কবিতা, যেখানে শিল্প, সংগীত আর ভালোবাসা মিলেমিশে একাকার। সেই পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা স্যাক্রে-ক্যো গির্জা শুধু প্রার্থনার স্থান নয়, যুগলদের কাছে প্রেমের প্রতীকও বটে। গির্জার সামনে লোহার বেষ্টনিতে ঝোলানো হাজারো তালা জানিয়ে দেয় কতটুকু দৃঢ় হতে পারে ভালোবাসার বন্ধন।

সেই তালাবন্ধ প্রেমের ভিড়ে নিজের ভালোবাসার চিহ্ন রেখে এলেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সঙ্গে ছিলেন স্বামী, নির্মাতা আদনান আল রাজীব।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ক্যাপশনে এক শব্দেই প্রকাশ করেছেন অনুভব—‘লক’। ছবিগুলোতে দেখা যায়, মন্টমার্ত্রের বেষ্টনিতে ঝুলিয়ে দিয়েছেন একটি তালা। তাতে লেখা তাদের নাম। পাশেই রাজীবের হাত ধরে দাঁড়িয়ে আছেন মেহজাবীন।

প্যারিসে যুগলরা বিশ্বাস করেন, এই তালা ভালোবাসার অটুট প্রতীক। তালা ঝুলিয়ে সেই চাবি ছুড়ে ফেলা হয় সাইন নদীতে—যেনো সম্পর্ক থেকে পিছু ফেরার আর কোনো পথ না থাকে। সেই বিশ্বাসে তালা ঝুলিয়েছেন তারকারাও।

মাসখানেক আগে ইউরোপ সফরে গিয়েছিলেন মেহজাবীন। এর আগে আদনান আল রাজীব গিয়েছিলেন ‘আলী’ চলচ্চিত্র নিয়ে কান উৎসবে। উৎসব শেষেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বের হন ইউরোপ ঘুরতে। তখনই তোলা এসব ছবির কিছু এখন প্রকাশ করছেন মেহজাবীন।

All Categories