পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশের সক্ষমতা বাড়াতে ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে। এসব অবকাঠামো নির্মাণের জন্য পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনাও করা হয়েছে।

আইজিপির ভাষ্য, পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে পূর্বাচলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত পুলিশি সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে। পাশাপাশি নতুন এ শহরের টেকসই নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

All Categories