‘পুষ্পা টু’-কে পেছনে ফেলল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’
বলিউডের বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় রোববারে আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’–এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।
হিন্দুস্তান টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির দ্বিতীয় রোববারে ‘পুষ্পা টু’ বক্স অফিসে ৫৪ কোটি রুপির ব্যবসা করেছিল। একই দিনে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ আয় করেছে ৫৮ কোটি রুপি। এর মধ্য দিয়ে দ্বিতীয় সপ্তাহের রোববারে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড তৈরি করেছে সিনেমাটি।
পুষ্পা সিরিজের সিক্যুয়েল মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বলিউডের বড় সুপারস্টারদের ছবিও মুক্তি পেয়েছিল। তবে বক্স অফিসে সেগুলো ‘ধুরন্ধর’-এর মতো সাফল্য পায়নি।
মুক্তির মাত্র ১০ দিনে ভারতে ‘ধুরন্ধর’ সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তে আয় করেছে প্রায় ১১১ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, সামনে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় বড়দিন ও নববর্ষের ছুটির পুরো সুবিধা পাবে ‘ধুরন্ধর’। ফলে খুব শিগগিরই সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে মনে করছেন তাঁরা।