পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’ মা দুর্গাকে স্বাগত

শারদীয় দুর্গোৎসবের সময় উৎসবের আমেজ, ঢাকের বাদ্য এবং আগমনী গানের সুর চারদিকে ছড়িয়ে পড়ে। দেবী দুর্গার আগমন উপলক্ষে প্রতিবছর নতুন গান প্রকাশ করেন সংগীতশিল্পীরা। এবারের উৎসবের আবহে প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী পুনম মিত্রের নতুন গান ‘তোমার শুভ আগমনে’। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অনিন্দিতা অথি ও প্রজ্ঞা লাবণী সেন।

গানটির কথা লিখেছেন জামাল হোসেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন পুনম মিত্র নিজেই। গানটি প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে গীতিকার জামাল হোসেন বলেন, “ছোটবেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে। এই গানটি লেখার সময় আমার সেই স্মৃতিগুলো কাজে লেগেছে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশটা সব ধর্মের মানুষের জন্য। সুন্দর একটা বাংলাদেশ সব সময় প্রত্যাশা করি। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব সুন্দর হোক, সেটাই চাই।”

নতুন গানটি নিয়ে আশাবাদী পুনম মিত্রও। তিনি বলেন, “চারদিকে এখন শারদীয় উৎসবের গান শোনা যায়। আশা করছি, নতুন এই গানটি শ্রোতাদের আনন্দ আরও বাড়িয়ে দেবে।”

All Categories