জগন্নাথপুরে বোনের বিয়েতে দাওয়াত না দেওয়ার জেরে চাচাতো ভাইকে হত্যা

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়েতে দাওয়াত না দেওয়ার জেরে চাচাতো ভাইদের মধ্যে বিরোধের ফলে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ভগ্নিপতি আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। শুক্রবার নাজিমের ছোট বোন মরিয়ম আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন ও মাসুম মিয়া চাচাতো ভাই। তারা একই বাড়িতে বসবাস করেন। শুক্রবার নাজিমের ছোট বোনের বিয়েতে মাসুম মিয়া ও তার পরিবারের সদস্যদের দাওয়াত দেওয়া হয়নি। শনিবার দুপুরে মাসুম এর কারণ জানতে চান, যা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ স্বজনদের। এতে নাজিম গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিমকে বাঁচাতে তার স্ত্রী ও ভগ্নিপতি মুনসুর মিয়া এগিয়ে এলে তারাও হামলার শিকার হন। পরে গুরুতর অবস্থায় তাদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতের বোন সাজিয়া বেগম বলেন, ‘মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, ‘নাজিম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত অপর দুজনের চিকিৎসা চলছে।’

আহত মুনসুর মিয়া জানান, নাজিম উদ্দিন ও মাসুম মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের কারণে নাজিম উদ্দিনের বোনের বিয়েতে মাসুম মিয়ার পরিবারকে দাওয়াত দেওয়া হয়নি। বিয়ের দাওয়াত না পাওয়ার ক্ষোভে মাসুম মিয়া ও তার ভাইয়েরা নাজিমকে হত্যা করেছেন।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন বলেন, ‘জায়গাজমি নিয়ে বিরোধ ও বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

All Categories