খুলনা ডিসি অফিসের আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ড, গঠন হবে তদন্ত কমিটি
খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বিকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত শহিদুল ইসলাম জানান, ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পান। এরপর দুটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র অফিসার জাকির হোসেন বলেন, ডিসি অফিসের দোতলার আইসিটি রুমে আগুন লাগে। খবর পেয়ে এসে দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিভিয়ে ফেলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কক্ষে কী ধরনের আইটেম ছিল, কম্পিউটার, এসি কয়টি ছিল সে সব তথ্য জানার চেষ্টা করছি।
খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। এটি বিভিন্ন উপজেলার আইসিটি বিভাগের সার্ভার। এখানে আগুন লাগার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি সহ বিস্তারিত জানা যাবে।