ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের আগুন নিয়ন্ত্রণে এসেছে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত এই ওষুধ কারখানার অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকালে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার খবর এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন।
এটি উল্লেখ্য যে, গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।