কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, একই পরিবারের ৪ জন

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। নিহতদের মধ্যে এক নারী, তার ছেলে ও মেয়ে অন্তর্ভুক্ত। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজারের পাশে রৌমারী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা এলাকার রৌমারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪০), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা আক্তার (৭)। এছাড়া লিপি বেগমের বড় বোন শরিফা বেগম (৫০) এবং অটোরিকশার চালক (অজ্ঞাত) নিহত হয়েছেন।

পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রৌমারী শহর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল একটি মালবোঝাই ট্রাক। সায়েদাবাদ বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজন মারা যান। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

All Categories