মামুনের সঙ্গে সাবিলার প্রেমের দাবি প্রেমিকার

মামুনের সঙ্গে সাবিলার প্রেমের দাবি প্রেমিকার

ঢাকাই শোবিজের অভিনেত্রী সাবিলা নূর এবং তার স্বামী নেহাল সুনন্দ তাহেরের দাম্পত্য টানাপড়েনের মধ্যে নতুন করে আলোচনায় আসেন চিত্রগ্রাহক আবদুল মামুন।

মামুনের দীর্ঘদিনের প্রেমিকা তিশা অভিযোগ করেছেন যে, সাবিলা নূরের সঙ্গে প্রেমের কারণে তার সাত বছরের প্রেম এবং বিয়ের প্রস্তুতি ভেঙে গেছে। তবে সাবিলা, নেহাল কিংবা মামুনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তিশা গণমাধ্যমকে জানান, সাবিলা নূর অভিনীত 'রকস্টার' সিনেমার শুটিং শেষ হওয়ার পাঁচ দিন পর তাদের বিয়ের পরিকল্পনা ছিল। শাকিব খানের মতো শীর্ষ তারকার সঙ্গে কাজের সুযোগের কারণে তিনি নিজেই বিয়ের তারিখ পিছিয়ে দিতে রাজি হন।

কিন্তু শুটিং শেষে মামুন হঠাৎ করে জানিয়ে দেন যে, তিনি আর বিয়ে করতে চান না। কারণ জানতে চাইলেও তিশা স্পষ্ট কোনো উত্তর পাননি। পরে তিনি জানতে পারেন যে, মামুন সাবিলা নূরের সঙ্গে গভীর সম্পর্ক গড়েছেন।

তিশা বলেন, 'যা শুনেছেন সব সত্য। সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে। দুই পরিবার থেকে বিয়ের সব আয়োজন করা হয়েছিল। কিন্তু আবদুল মামুন হঠাৎ করে জানায়, সে বিয়ে করতে চায় না। পরে জানতে পারি, সাবিলা নূরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়ে গেছে মামুন।'

তিনি আরও অভিযোগ করেন, মামুনের পরিবারের সদস্যরাও তার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি।

তিশার দাবি, 'রকস্টার' সিনেমার শুটিংয়ের সূত্র ধরেই সাবিলা ও মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। তিনি বলেন, শোবিজ অঙ্গনের অনেকেই এই সম্পর্কের বিষয়টি জানেন। ঘটনার পর থেকে মামুনের সঙ্গে তার সব যোগাযোগ বন্ধ রয়েছে এবং দীর্ঘদিনের সম্পর্কের এমন পরিণতি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

তিশা আক্ষেপ করে বলেন, 'ওরা দুজন আমার সঙ্গে কাজটি ভালো করেনি। সাবিলা নূর আমাদের বিষয় সব জানতেন। কিন্তু সে মেয়ে হয়েও আরেকটি মেয়ের কথা ভাবেনি। আবদুল মামুন একজন তারকা পেয়ে আমাকে ভুলে গেছে।'

তিনি জানান, তার পরিবার আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবলেও তিনি নিজে তাতে সম্মতি দেননি। তবে কেন শেষ মুহূর্তে বিয়ে ভাঙল, সে বিষয়ে মামুনের কাছ থেকে কোনো সন্তোষজনক ব্যাখ্যা তিনি পাননি।

এদিকে, সাবিলা নূর এবং নেহাল সুনন্দ তাহেরের দাম্পত্য জীবন নিয়েও সম্প্রতি নানা গুঞ্জন ছড়াচ্ছে। ২০১৯ সালে সাত বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং তারা আলাদা থাকছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা নূর এবং শাকিব খানকে নিয়েও আলোচনা চলছে। 'তাণ্ডব' এবং 'রকস্টার' সিনেমায় একসঙ্গে কাজের সূত্রে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন দাবি সামনে এলেও এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ মেলেনি। 'রকস্টার' সিনেমার পরিচালক আজমান রুশোকে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন এবং পরবর্তীতে গণমাধ্যমকে আনুষ্ঠানিক বার্তা দেওয়ার কথা জানান।

All Categories