তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদযাপন

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদযাপন

বাংলা গানের জগতে পাঁচ দশকের যাত্রা সম্পন্ন করেছেন বরেণ্য সংগীতশিল্পী তপন চৌধুরী। ১৯৭৩ সালে সংগীতের অঙ্গনে প্রবেশ করা এই শিল্পী তার স্বতন্ত্র গায়কি, দরদমাখা কণ্ঠ এবং জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রবাসী এই শিল্পীর ৫০ বছরের সংগীতযাত্রার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোতে। আগামী ১২ ডিসেম্বর সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছরের পথচলা উৎসব’।

এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাব। দীর্ঘ সংগীতজীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন নিয়ে উচ্ছ্বসিত তপন চৌধুরী। টরন্টোর আয়োজনের পর বাংলাদেশেও তার সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী উদযাপনের পরিকল্পনা রয়েছে, যা প্রবাসের পাশাপাশি দেশের শ্রোতাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ সৃষ্টি করবে। সংগীতজীবনের অর্জন সম্পর্কে তপন চৌধুরী বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে ভক্ত-শ্রোতাদের অন্তহীন ভালোবাসা এবং গুণীজনদের আশীর্বাদই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করি।’

তপন চৌধুরী জানান, সংগীতজীবনের সাফল্য কেবল জনপ্রিয়তা কিংবা অসংখ্য গান গাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শ্রোতার ভালোবাসা ও সহশিল্পীদের আন্তরিকতাও এই দীর্ঘ পথচলার অন্যতম প্রাপ্তি। সুবর্ণজয়ন্তী আয়োজনের পেছনে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘রূপতনু মিউজিক একাডেমি ও টরন্টো ঢাকা ক্লাবের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই সুবর্ণজয়ন্তী উৎসব বাস্তবে রূপ নিচ্ছে।’

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর পূর্তির আয়োজন এটি প্রথম নয়। এর আগে ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকার ঢাকা ক্লাবে তার সংগীতজীবনের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বহু প্রথিতযশা সংগীত ব্যক্তিত্ব। তপন চৌধুরী বলেন, ‘৪০ বছর পূর্তি অনুষ্ঠানে সহকর্মী ও সংগীতাঙ্গনের বিশিষ্টজনদের আন্তরিক উপস্থিতিতে আমি খুবই খুশি হয়েছিলাম। বিশেষ করে, কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার দীর্ঘ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকা আমাকে গভীরভাবে আপ্লুত করেছিল।’

এবারের টরন্টো উৎসবে দর্শক-শ্রোতার জন্য থাকছে তার জনপ্রিয় গানের পরিবেশনা। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে তপন চৌধুরী ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এ এমন পরিচয়’, ‘দিন কি রাতে’, ‘কান্দো কেনে মন’, ‘কত কাঁদলাম’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আমি সবকিছু ছাড়তে পারি’সহ ১৫টির বেশি গান পরিবেশন করবেন। তার দীর্ঘ ক্যারিয়ারের পরিচিত ও জনপ্রিয় গানগুলো নিয়ে সাজানো হবে এই পরিবেশনা। তপন চৌধুরী বাংলা গানের শ্রোতার কাছে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন, এবং তার গানগুলোর সঙ্গে জড়িয়ে আছে শ্রোতাদের আবেগ, স্মৃতি ও ভালোলাগা। তাই সংগীতজীবনের সুবর্ণজয়ন্তী কেবল একজন শিল্পীর ব্যক্তিগত অর্জন উদযাপনের আয়োজন নয়, বরং তার গান ও সংগীতযাত্রার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের ভালোবাসা ভাগ করে নেওয়ারও উপলক্ষ।

All Categories