পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন চক্রের নতুন গান ‘শিবশম্ভু’

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন চক্রের নতুন গান ‘শিবশম্ভু’

জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ও অনিমেষ রায়কে নিয়ে নতুন গান ‘শিবশম্ভু’ প্রকাশ করতে যাচ্ছেন সুরকার ও সংগীত পরিচালক মিঠুন চক্র। এই গানে পান্থ কানাই ও অনিমেষ রায়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিঠুন নিজেও। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিনি।

এর আগে ‘নাসেক নাসেক’ গান দিয়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন পান্থ কানাই ও অনিমেষ রায়। তাদের একসঙ্গে পরিবেশনও শ্রোতাদের মুগ্ধ করেছে। এবার মিঠুন চক্রের সংগীতায়োজনে নতুন এই গানে আবারও একসঙ্গে শোনা যাবে দুই শিল্পীকে।

গানটি প্রসঙ্গে মিঠুন চক্র বলেন, ‘শিবশম্ভু গানটি আমার খুব কাছের। শিব শব্দের দার্শনিক অর্থ হচ্ছে যাহা কিছু নহে। শম্ভু মানে নিজে থেকে যার নিজের উৎপত্তি। সেই ঈশ্বরকে উৎসর্গ করে গানটি তৈরি। এটি মূলত শ্রী বেদব্যাসের রচিত একটি স্তোত্র থেকে অনুপ্রাণিত। এটি শুধু গান নয়, এটি একটি উপলব্ধি।’

পান্থ কানাই ও অনিমেষ রায়ের গায়কির প্রশংসা করে মিঠুন বলেন, ‘পান্থ কানাই দাদা ও অনিমেষ রায় খুব ভালো গেয়েছেন। তাদের অনেক ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভিডিওটি খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

‘শিবশম্ভু’ গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এইচ এম সোহেল। ভিডিওতে পান্থ কানাই, মিঠুন চক্র ও অনিমেষ রায়—তিন শিল্পীকেই দেখা যাবে। শিগগিরই মিঠুন চক্রের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

সুরকার, সংগীত পরিচালক ও গায়ক হিসেবে পরিচিত মিঠুন চক্র ২০১৬ সালে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গানটির মাধ্যমে শ্রোতাদের মন জয় করেন। পরবর্তী সময়ে ‘দেয়ালের দেশ’ সিনেমার ‘বিসর্জনের ব্যথা’ গানটির মাধ্যমেও শ্রোতাদের প্রশংসা কুড়ান।

All Categories