পুলিশের চিঠি: সংসদ সদস্য নজরুলের গ্রেফতারে স্পিকারকে জানানো হচ্ছে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানোর সম্ভাবনার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। রবিবার রাত ১০টার পর থেকে তিনি স্ত্রীসহ শেরেবাংলা নগর থানার হেফাজতে রয়েছেন।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতরাতে সংসদ সদস্য নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ থানায় মামলা করেছেন। মামলায় সংসদ সদস্য নজরুল ইসলামকে গ্রেফতারের জন্য কিছু নিয়ম-কানুন অনুসরণ করা প্রয়োজন ছিল। আজ সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, সংসদের স্পিকারকে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠানো হচ্ছে। আমাদের সিনিয়র অফিসাররা বিষয়টি দেখছেন এবং ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ডের ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। পরে শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সংসদ সদস্য নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। পরে মরিয়মের পিতা মাসুম বিল্লাহ আত্মহত্যা প্ররোচনায় মামলা করেন। আজ সোমবার কিছু আনুষ্ঠানিকতার পর তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

All Categories