প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগে নির্বাচন হতে পারে: ড. ইউনূস

সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও জাতীয় নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন—ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশের জন্য ইতিবাচক হবে।

প্রধান উপদেষ্টা জানান, তিনি ইতোমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। তবে প্রয়োজনীয় সংস্কার ও বিচারিক অগ্রগতি অর্জিত হলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন সম্ভব।

বিবৃতিতে বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

এর আগে লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) থেকে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকটি হয় হোটেল ডরচেস্টারের একটি নিরিবিলি কক্ষে।

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

All Categories