পপুলার লাইফ চট্টগ্রামে ৯ কোটি ৬৭ লাখ টাকার বিমা দাবি পরিশোধ করেছে
চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বিমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এটি দ্রুত বিমা দাবি পরিশোধের চলমান বিশেষ কার্যক্রমের অংশ।
শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতাহার হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমানসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম ও অরুণ চন্দ্র নাথ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে গ্রাহক সৃষ্টি ও আস্থা অর্জনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বিমা দাবি দ্রুত ও যথাযথ পরিশোধের মাধ্যমে পপুলার লাইফকে দেশের বিমা খাতের পথিকৃৎ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, বিমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা। তিনি গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফের নিরলস কাজের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের হাতে বিমা দাবির চেক হস্তান্তর কোম্পানির দায়বদ্ধতার বাস্তব প্রতিফলন। দ্রুত ও যথাযথ বিমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের বিমা গ্রাহকদের বিমা দাবির মোট ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।