পিএসএলে ডাক পেলেন সাকিব আল হাসান

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় স্থগিত হয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আবার শুরু হচ্ছে। গতকাল আইপিএল থেকে ডাক পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেলেন সাকিব আল হাসান।

পিএসএলের চলতি আসরের আগে ড্রাফটে নাম থাকলেও অবিক্রিত ছিলেন সাকিব। তবে আসর পুনরায় শুরুর আগে শক্তি বাড়াতে বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। আগামী ১৭ মে থেকে আবারও শুরু হচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটি।

২০১৬ সালে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক হয় সাকিবের। এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) মিললে প্রায় ছয় মাস পর মাঠে ফিরতে পারেন সাকিব। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে।

All Categories