পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৩
আফগানিস্তানের কুনার প্রদেশে তালেবানের দাবি অনুযায়ী পাকিস্তানি বিমান হামলায় নিহতদের মরদেহ দাফনের আগে গোসল করানো হচ্ছে। ছবি : রয়টার্স
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। সোমবার আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কুনার প্রদেশের নুরগাল জেলায় স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ হামলা ঘটে। কুনারের প্রাদেশিক মুখপাত্র ফরিদ দেহকান জানিয়েছেন, হামলায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হন।
আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় আরও দুটি স্থানে হামলা হয়েছে। সেখানে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পরে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বিমানবাহিনী পূর্ব আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠীর কথিত আস্তানায় হামলা চালিয়েছে এবং তাদের দাবি অনুযায়ী, এসব হামলায় ২৮ জন যোদ্ধা নিহত হয়েছেন। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।