ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হয়ে ফিরলেন তাবিথ আউয়াল

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যোগ দিয়েছেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ। ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাদের দুজনকে নিয়োগ দেওয়া হয়।রবিবার (৫ এপ্রিল) পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় নতুন দুজন পরিচালক অংশগ্রহণ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

পরিচালক তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ্বালানি, কৃষি, টেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি খাতের একজন সুপরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা। বর্তমানে তিনি মাল্টিমোড গ্রুপের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।তার পাশাপাশি এ ব্যাংকে পরিচালক হিসেবে এসেছেন পোশাক খাতের উদ্যোক্তা নাজনীন আহমেদ। তিনি ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান। দুজনের পরিচালক হওয়ার তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যাশনাল ব্যাংকে ফিরে আসেন এটির উদ্যোক্তা পরিচালকদের একজন ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি ২০২৪ সালের অগাস্টে চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব নেন তিনি। পরে ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে যান। এরপর ২ মার্চ ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন।

All Categories