নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০ ককটেল উদ্ধার, পুলিশ নিষ্ক্রিয় করলো
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়ির সামনে একটি বস্তা থেকে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গীর গুটিয়ার আন্ধারুল এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় এবং পরে বিকালে পুলিশ বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম নূর নবী হোসেন ওরফে হৃদয় (২২)। তিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুটিয়ার আন্ধারুল এলাকায় নূর নবীর বাড়ির সামনে একটি বস্তায় ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেল ও আওয়ামী লীগের দুটি ব্যানার উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া দুটি ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও আদালতের রায় বাতিল এবং কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। ব্যানার দুটিতে টঙ্গী পশ্চিম থানা ও ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। একটি ব্যানারে ৫২ নম্বর ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদপ্রত্যাশী হিসেবে ফরিদ, হাবিবুর রহমান, বাবুল ও আলী আকবরের নাম আছে। অপর ব্যানারে টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর নবী হোসেন ওরফে হৃদয়, সাজিদ হোসেন দিপু এবং ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের হাসান নাহিদ ও সজিবের নাম উল্লেখ করা হয়। ককটেলগুলো নিষ্ক্রিয় করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও বলেন, ‘আমরা ধারণা করছি, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো সেখানে রেখে যায়। উদ্ধারের পর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়। ঢাকা থেকে ইউনিটের সদস্যরা এসে বিকাল ৪টার দিকে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছেন।’