নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি, দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতিমধ্যে দুই শতাধিক সম্ভাব্য প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ৫০টির মতো আসনে যাচাই–বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ ও মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত। এর মধ্যে ঢাকা–৪ আসনে দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, ঢাকা–৮ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা–১৩ আসনে সমমনা দল এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা–১৬ আসনে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা–১৭ আসনে সমমনা দল বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে প্রার্থিতা নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

ববি হাজ্জাজ বলেন, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে মোহাম্মদপুর আসনে (ঢাকা–১৩) নিশ্চিত করা হয়েছে। আমি এলাকায় কাজ শুরু করেছি।

অন্যদিকে ব্যারিস্টার আন্দালিব রহমান সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছেন, তিনি এলাকায় কাজ করছেন। গুলশান এলাকায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, দল থেকে তাঁদের জানানো হয়েছে, পার্থই প্রার্থী। সে অনুযায়ী তাঁরা মাঠে কাজ শুরু করেছেন।

দলীয় সূত্র জানায়, গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে বিএনপি ইতিমধ্যে একাধিক মাঠ জরিপ করেছে। সেই ফলাফলের সঙ্গে তৃণমূলে জনপ্রিয়তা ও দলের নীতিনির্ধারকদের মতামত মিলিয়ে প্রার্থী তালিকা প্রায় তৈরি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কলে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে সবুজ সংকেত দিচ্ছেন। পাশাপাশি কোন্দলপূর্ণ এলাকায় মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করছেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা অনেক দিন ধরে কাজ করছি। মাঠ জরিপ, তৃণমূল মতামত সংগ্রহসহ নানা প্রক্রিয়া চলছে। এসব প্রক্রিয়ায় যে প্রার্থী এগিয়ে থাকবেন, তাকেই দল মনোনয়ন দেবে। তবে এখনই সবকিছু চূড়ান্ত হয়নি।

বিএনপির সমান্তরালে জামায়াতে ইসলামীও নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। জুলাই সনদ ও পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করছে। দলটি সারা দেশে প্রার্থী চূড়ান্ত করে বাড়ি বাড়ি গণসংযোগ শুরু করেছে। এ অবস্থায় বিএনপিও মৌখিকভাবে সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামতে বলছে।

All Categories