নির্বাচন পিছিয়ে দিতেই ‘মব’ প্রশ্রয় দিচ্ছে সরকার: রুমিন ফারহানা
নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই ‘মবতন্ত্র’কে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, যারা ‘মব’ তৈরি করছেন বা ‘মব’ থেকে সুবিধা নিচ্ছেন, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য।
রুমিন ফারহানা বলেন, নির্বাচন যত দূর সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো স্থাপনায় হামলা, মাজার ভাঙা কিংবা রাজনৈতিক সহিংসতা—এসব বিচ্ছিন্ন নয়, এর পেছনে একটি প্যাটার্ন আছে, বার্তা আছে।
প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্ররা তাঁকে নিয়োগ দিয়েছেন এবং চাইলে যেকোনো দিন চলে যেতে বললে তিনি চলে যাবেন—এই বক্তব্যে তিনি এক ধরনের প্রশ্রয় দিয়েছেন। তিনি সরাসরি না বললেও তাঁর আচরণ ও কার্যক্রমে সেটির প্রতিফলন দেখা যায়।
তিনি বলেন, ‘‘৩২ নম্বর ভাঙা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জামায়াতের আমিরের ‘এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না’ বক্তব্যের মধ্যেও একটি সুস্পষ্ট বার্তা আছে।’’
রুমিন ফারহানার ভাষ্য, ‘এখন যেভাবে মব তৈরি করা হচ্ছে, তাতে এই প্রশ্ন উঠে—এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না। এ ধরনের অস্থিরতা যদি চলতেই থাকে, তাহলে কীভাবে আমি নিশ্চিত হব যে, আমার ভোটটা সঠিকভাবে আমার বাক্সে পড়বে?
তিনি আরও বলেন, বিএনপি ছাড়া বাকি সক্রিয় রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনের বিলম্বই সুবিধাজনক। তাই সরকার ও একাধিক পক্ষ পরিকল্পিতভাবে পরিস্থিতিকে এমন দিকেই ঠেলে দিচ্ছে, যাতে নির্বাচন আরও পিছিয়ে দেওয়া যায়।
বিএনপির সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, এটা মোটেও স্বাভাবিক বা আকস্মিক নয়। বরং খুব ঠাণ্ডা মাথায় নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে।