নির্বাচন কমিশনের প্রস্তাবে নারাজ,‘শাপলা’ প্রতীকেই অনড় এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত ৫০টি প্রতীক থেকে কোনোটি না নিয়ে ‘শাপলা’ প্রতীকেই অনড় অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, তারা আবারও ‘শাপলা’ প্রতীক চেয়ে কমিশনে চিঠি দেবে।

আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির পক্ষ থেকে পুনরায় ‘শাপলা’ প্রতীক বরাদ্দের আবেদন করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

জহিরুল ইসলাম মুসা বলেন,“ইসির দেওয়া ৫০টি প্রতীক থেকে আমরা কোনোটি গ্রহণ করব না। আমরা আবারও শাপলা প্রতীক চেয়ে কমিশনে চিঠি দেব।”

এর আগে এনসিপি ইসিতে নিবন্ধনের আবেদন করে প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রস্তাব করেছিল। পরে তা সংশোধন করে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ প্রতীক চাওয়া হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় এই প্রতীকগুলো না থাকায় কমিশন তা বাতিল করে দেয়।

ইসি জানিয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী, নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত প্রতীক তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হয়। সেখানে ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে বলা হয়।

কমিশনের তালিকায় থাকা ৫০টি প্রতীকের মধ্যে রয়েছে—খাট, থালা, বালতি, বেগুন, আলমিরা, কাপ-পিরিচ, মোবাইল ফোন, কলম, বাঁশি, টেবিল, ফ্রিজ, হাঁস, হরিণ, হেলিকপ্টার, টিউবওয়েল, দোলনা, ফুটবল, প্রজাপতি, শঙ্খ, মাইক, সোফা, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা ইত্যাদি।

তবে এসব প্রতীক প্রত্যাখ্যান করে এনসিপি জানিয়েছে, দলটি তাদের ‘শাপলা’ প্রতীকের দাবিতে অনড় থাকবে।

ইসির এক কর্মকর্তা বলেন,“জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে তালিকাভুক্ত ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা— কোনোটিই নেই। তাই এই প্রতীকগুলো বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

All Categories