নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। শনিবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে বাহিনীর কর্মকর্তারা এ তথ্য জানান।
রঞ্জু নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোড এলাকার কবির হোসেনের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্যের ছেলে আজমেরী ওসমানের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৩ জুলাই সিএনজিচালিত অটোরিকশাচালক জামাল নিখোঁজ হন। পরে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের ডাস্টবিন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে চলতি বছরের ২৪ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরাফাত খান ওরফে শান্ত ও খোকন মিয়াকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় রঞ্জু পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।