না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালা
প্রখ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। শুক্রবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়ার পথে ৪২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই শেফালির মৃত্যু হয়। তাঁর স্বামী অভিনেতা পারাগ ত্যাগী ও ঘনিষ্ঠ তিনজন সঙ্গী তাঁকে হাসপাতালে নিয়ে যান। এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
দীর্ঘদিন ধরে স্নায়বিক রোগ এপিলেপসিতে ভুগছিলেন শেফালি, যেটি আকস্মিক খিঁচুনির কারণ হতে পারে।
শেফালির মৃত্যুতে বলিউড ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ‘বিগ বস ১৩’-এর সহ-প্রতিযোগী অলি গনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শেফালির মৃত্যু খবর শুনে স্তব্ধ হয়ে গেছি। জীবন কতটা অনিশ্চিত। শান্তিতে ঘুমাও।’
আরেক প্রতিযোগী রাজীব আদাতিয়া লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক। এই খবর মেনে নেওয়া কঠিন।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি পান শেফালি। সাহসী পোশাক ও নৃত্যশৈলীর জন্য তৎকালীন ভারতীয় পপ সংস্কৃতিতে আইকনিক চরিত্র হয়ে ওঠেন তিনি।এরপর ‘কাভি আর কাভি পার’ সহ আরও কিছু মিউজিক ভিডিওতে কাজ করেন।
২০০৪ সালে সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেন।
টেলিভিশনে তিনি ‘বুগি উগি’ দিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে স্বামী পারাগ ত্যাগীর সঙ্গে ‘নাচ বালিয়ে ৫’ ও ‘নাচ বালিয়ে ৭’-এ অংশ নেন।
তবে ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পান শেফালি। শো-তে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।
২০২৪ সালে তিনি ‘শৈতানি রসমে’ নামে টিভি শোতে অভিনয় করেন, যা ছিল তাঁর শেষ টেলিভিশন প্রকল্প।ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ কুপার হাসপাতালে রাখা হয়েছে। এই আকস্মিক বিদায়ে ভক্তরা শোক প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।