মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে বিরল ঘটনা, অবাক সাংবাদিক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় বিরল ঘটনা ঘটেছে। ৫০ বছর বয়সী দণ্ডিত আসামি ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও তিনি শ্বাস নিতে থাকেন এবং নাক ডাকার শব্দ শোনা যায়। দুই দফা পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তিনি মারা যাননি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

টেক্সাসে প্রায় ৫০০টি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা প্রত্যক্ষ করা সাংবাদিক মাইকেল গ্র্যাজিক বলেন, এমন ঘটনা তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে আগে দেখেননি। তার মতে, এ ধরনের ঘটনা ঘটার বিষয়টি শুধু সময়ের অপেক্ষা ছিল।

টেনেসিতে প্রথমবারের ইনজেকশনে মৃত্যু না হলে অতিরিক্ত পেন্টোবারবিটাল প্রস্তুত রাখার নিয়ম আছে। তবে দ্বিতীয়বার প্রয়োগের পরও কেউ জীবিত থাকলে কী করা হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। ঘটনার পর অঙ্গরাজ্যের গভর্নর বিল লি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করে পুরো প্রক্রিয়া পর্যালোচনায় স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশনে ব্যবহৃত ওষুধের সংকট, ওষুধের উৎস এবং কার্যকরের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু অঙ্গরাজ্য বিকল্প হিসেবে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের ব্যবস্থাও ফিরিয়েছে। যুক্তরাষ্ট্রের ২৭টি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড আইনসিদ্ধ। ১৯৮২ সাল থেকে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ৬৪টি গুরুতর ত্রুটি বা ব্যর্থতার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার ৫১টি ছিল প্রাণঘাতী ইনজেকশনসংক্রান্ত।

All Categories