মিরপুরে রাড্ডা কেন্দ্রে হামলা: যুবদল নেতা নূর আলম গ্রেফতার
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ সাবেক যুবদল নেতা নূর আলমকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে দারুস সালাম এলাকা থেকে নূর আলমসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া নূর আলম শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে গত ৩০ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।