মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ৮৫টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে হামলা চালানো হয়েছে। বুধবার (৮ জুলাই) এক সামরিক বিবৃতিতে এ দাবি করে সংস্থাটি।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিসহ মোট ৮৫টি নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
ইরানের দাবি, মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে দেশটির নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসি এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তারা ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ইরানের দাবি, সেই হামলার পরই বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়।
বিবৃতিতে আইআরজিসি আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানের চলমান জাতীয় শোকানুষ্ঠানের সময় পরিচালিত হয়েছে এবং এর মাধ্যমে ওই ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
তবে আইআরজিসির দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা