মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, হত্যার বর্ণনা দিলেন প্রেমিক

মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, হত্যার বর্ণনা দিলেন প্রেমিক

ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাতের একটি খাল থেকে শীতল চৌধুরী নামে এক মডেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) সকালে খাল থেকে তাঁর গলা কাটা মরদেহ উদ্ধার হয়। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় শীতলের কথিত প্রেমিক সুনীলকে। জিজ্ঞাসাবাদে প্রেমিকা শীতলকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, গত শনিবার রাতে হরিয়ানার পানিপাত জেলার আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে যান শীতল চৌধুরী। রাত সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছান সুনীল। শুটিং শেষে শীতলকে নিজের গাড়িতে তুলে নেন তিনি। এরপর দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

রাত দেড়টার দিকে শীতল ভিডিও কলে তাঁর বোন নেহাকে জানান, সুনীল তাঁকে মারধর করছেন। কিছুক্ষণ পর তাঁর ফোন বন্ধ হয়ে যায়। এর পর থেকেই শীতলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ জানায়, তর্কের একপর্যায়ে সুনীল শীতলকে বেধড়ক মারধর করেন এবং একাধিকবার ছুরিকাঘাত করেন। পরে তাঁর মরদেহ গাড়িসহ সোনিপাতের একটি খালে ফেলে দেন।

রোববার পুলিশ খাল থেকে সুনীলের গাড়ি উদ্ধার করে। তখন গাড়ির ভেতর শীতলের কোনো চিহ্ন ছিল না। এ সময় সুনীল হাসপাতালে গিয়ে দাবি করেন, গাড়িটি দুর্ঘটনাবশত খালে পড়ে গিয়েছিল। তিনি কোনোমতে সাঁতরে উঠলেও শীতল ডুবে গেছেন।

সোমবার খারখোদার রিলায়েন্স খাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় কাটার দাগ এবং শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাতে ও বুকে উল্কিচিত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।

পরে আটক সুনীল জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, শীতল ও সুনীলের ছয় বছরের সম্পর্ক ছিল। সুনীল তাঁকে বিয়ের প্রস্তাব দিলেও শীতল তা প্রত্যাখ্যান করেন, কারণ সুনীল আগে থেকেই বিবাহিত এবং দুই সন্তানের বাবা। শীতল নিজেও বিবাহিত ছিলেন এবং তাঁর পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
সূত্র: এনডিটিভি

All Categories