মাউশির জরুরি নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে। প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৩০ অক্টোবর মাউশির মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) ইউনিট এ সংক্রান্ত একটি চিঠি জারি করে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য যুক্ত করার কাজ চলছে।
এছাড়া, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।
তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকে কার্যালয়ের নাম, পদবি (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের কোড, পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে।
মাউশির চিঠিতে নির্ধারিত তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে বলা হয়েছে। তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে [email protected] ই-মেইলে পাঠাতে হবে এবং কক্ষ নম্বর ৫৩০-এ জমা দিতে হবে।