মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ, ২টায় জানাজা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশ করেছে। আজ বুধবার দুপুর ১২টার একটু পরে জাতীয় পতাকায় মোড়ানো কফিন বহনকারী গাড়ি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়।
বেলা ২টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেক।
এর আগে বেলা ১১টার দিকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে খালেদা জিয়াকে বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে। সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি সেখানে পৌঁছায়। এর কিছু আগে সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি রওনা হয়।
মরদেহ আনার ঘিরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ও ফিরোজার আশপাশের এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা পুরো এলাকা ঘিরে রাখেন। ব্যারিকেড দিয়ে গুলশান অ্যাভিনিউ সড়ক বন্ধ করে দেওয়া হয়। ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি।
গাড়িবহরে লাল-সবুজ রঙের বাসও ছিল। তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে ছিলেন।
জানাজা শেষে খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি আজ ঢাকায় আসছেন।
গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা ব্যর্থ করে ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ দেশ।
খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। পাশাপাশি আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।