Jan 25, 2026
মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ নারী ফুটসালের অভিষেক আসরেই দুর্দান্ত সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। রোববার ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

শিরোপা নির্ধারণী ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন সাবিনা। একাই করেন চার গোল। পুরো টুর্নামেন্টে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১৩টিতে। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর আরও আট গোল করে মালদ্বীপকে একপ্রকার অসহায় করে তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। একটি ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়ে এই জয়।

সাত দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আসর শেষ করে বাংলাদেশ। পুরো প্রতিযোগিতায় দলটি ৩৮টি গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৯টি।

এই টুর্নামেন্টে বাংলাদেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারায়। ভুটানের সঙ্গে ড্র করলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকেই শিরোপা নিশ্চিত করে দলটি।

একই আসরে পুরুষ দল কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও নারী ফুটসাল দলের এই অর্জনে দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে সাবিনা-সানজিদারা। তাদের এই সাফল্যে আবারও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হলো বাংলাদেশের নাম।

All Categories