সম্পর্কে ফেরার আগে নিজেকে করুন পাঁচটি জরুরি প্রশ্ন
বিচ্ছেদের পর অনেকেরই প্রাক্তনের কাছে ফিরে যেতে ইচ্ছা করে। এটি মোটেও অস্বাভাবিক নয়। চেনা মানুষের কাছে গেলে নতুন করে নিজের কথা বোঝাতে হয় না, তাই মনে একধরনের নিরাপত্তা কাজ করে। তবে সম্পর্কটি পরিচিত বলেই যে আবার সুস্থভাবে চলবে, তা নিশ্চিত নয়।
অনেক সময় ভালোবাসার চেয়ে একাকিত্ব, পুরোনো স্মৃতির টান কিংবা অপরাধবোধই মানুষকে পেছনে টানে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করে দেখা দরকার।
১. সম্পর্কটি কেন ভেঙেছিল? ভুল বোঝাবুঝি, দূরত্ব বা অপরিণত আচরণের কারণে ভাঙলে নতুন করে ভাবার সুযোগ থাকতে পারে। কিন্তু অসম্মান, প্রতারণা, নিয়ন্ত্রণ, বারবার মিথ্যা বলা বা মানসিক নির্যাতন কারণ হলে শুধু স্মৃতি দিয়ে সম্পর্ক বাঁচানো যায় না।
২. সত্যিই কি কিছু বদলেছে? সময়ের সঙ্গে মানুষ বদলাতে পারে, আবার অনেকে একই জায়গায় থেকে যায়। শুধু 'সে বদলে গেছে' কথাটির ওপর ভরসা না করে বাস্তব পরিবর্তনের প্রমাণ খুঁজুন। নিজেও কি আগের চেয়ে পরিণত হয়েছেন, তা-ও ভেবে দেখুন।
৩. মানুষটিকে মিস করছেন, নাকি সেই সময়টাকে? রাতজাগা আলাপ, একসঙ্গে ঘোরা কিংবা বিশেষ দিনের স্মৃতি মনে পড়তেই পারে। কিন্তু আপনি কি আসলে তাঁকে চান, নাকি তাঁর সঙ্গে থাকার সময়ের অনুভূতিটাকে? এই উত্তর অনেক দ্বিধা কাটিয়ে দিতে পারে।
৪. একাকিত্বের চাপে সিদ্ধান্ত নিচ্ছেন না তো? জীবনে নতুন কেউ না থাকলে বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলে প্রাক্তনকে হঠাৎ খুব দরকারি মনে হতে পারে। কিন্তু একাকিত্ব আর ভালোবাসা এক জিনিস নয়। তাড়াহুড়ো না করে কয়েক সপ্তাহ পরও একই অনুভূতি থাকে কি না, দেখুন।
৫. দুজনেই কি ফিরতে চান? সম্পর্ক একা গড়া যায় না। অন্যজন এগিয়ে যেতে চাইলে সেই সিদ্ধান্তকে সম্মান করতে হবে। আর দুজনই ফিরতে চাইলে সীমারেখা, মতবিরোধ সামলানোর উপায় এবং ব্যক্তিগত স্পেস নিয়ে খোলামেলা কথা বলা জরুরি।
মনে রাখা দরকার, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগালেও তা আগের মতো থাকে না। পুরোনো অভিমান আর হিসাব টেনে নতুন অধ্যায় শুরু করা কঠিন। অতীতকে বোঝা, নিজের ভুল মেনে নেওয়া এবং এবার ভিন্নভাবে পথ চলার প্রস্তুতি থাকলেই কেবল সম্পর্ক নতুন জীবন পেতে পারে।